কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও প্রবাসীদের বাড়িসহ অন্তত ২০ থেকে ২২টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে চারটি গরু, স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটের পাশাপাশি বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে আলিনগর ইউনিয়নের কালিনগর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর কালিগঞ্জ বাজারে তাইজুল সরদার নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুরুষশূন্য বাড়িগুলোতে চাঁদাবাজির উপদ্রব শুরু হয় বলে অভিযোগ রয়েছে। ফ্রান্সপ্রবাসী সবুজ সরদার ও তাঁর পরিবারের দাবি, মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তাঁদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁদের বাড়িসহ বিভিন্ন বাড়িতে হামলা চালানো হয়।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলাকারীরা প্রবাসী সবুজ সরদার, সোহেল সরদার, সৌদিপ্রবাসী শাহাদাত, আলমগীর সরদার ও মতলেব তালুকদারের বসতঘর ও রান্নাঘরে আগুন দেয়। এ সময় চারটি গরু, সাত ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করা হয়।
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর ও মূল্যবান সম্পদ হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.