যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যায় বোর্ডের ১০ জেলার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে খুলনা। দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা।
সোমবার বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার মোট ২ হাজার ১৫১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ২৯৮ জন এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৮৫৩ জন রয়েছে।
জেলাভিত্তিক ফলাফলে খুলনায় সর্বোচ্চ ৫৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১১৬ জন ও সাধারণ গ্রেডে ৪২৮ জন। দ্বিতীয় অবস্থানে থাকা যশোরে বৃত্তি পেয়েছে ৪৬৫ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭৮ জন ও সাধারণ গ্রেডে ৩৮৬ জন। কুষ্টিয়ায় ৩৪১, ঝিনাইদহে ২৭৬, সাতক্ষীরায় ২৬৩, চুয়াডাঙ্গায় ১৯২, বাগেরহাটে ১৭১, নড়াইলে ১১০, মাগুরায় ১০৬ এবং মেহেরপুরে ৬৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বোর্ডের বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তির অর্থ উত্তোলন করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। বৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি বজায় রাখতে হবে।
এ ছাড়া এক প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হলে নিয়ম অনুযায়ী বৃত্তি স্থানান্তরের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করতে হবে। বৃত্তির সংখ্যা, হার ও সময়সীমা সংশোধন বা বাতিলের অধিকার সরকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.