
নোয়াখালী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুই জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় কামাল উদ্দিন নামে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে মাছ ধরার জন্য একটি লালবোট কিনতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় যান ওই জেলেরা। বোটটি কেনার পর রোববার রাতে সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হন তারা। পথে আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে স্রোতের মধ্যে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
দুর্ঘটনার সময় কামাল উদ্দিন জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন। পরে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। তবে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.