ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়। বর্তমানে শিশু দুটি পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। তাদের পরিবারের সন্ধান পেতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা ওই দুই শিশুকে সুজন নামে এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরে তিনি শিশু দুটিকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান বলে জানা গেছে। শিশু দুটির কান্নাকাটি ও ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে শিশু দুটি মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া নিজেদের ঠিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারছে না।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তারা বর্তমানে নিরাপদে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের পরিচয় শনাক্ত করে সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
শিশু দুটির পরিবারের সদস্য বা স্বজনদের পরিচয় জানা থাকলে কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে আত্রাই থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.