নরসিংদী প্রতিনিধি
ছবি আঁকা, গান, হামদ-নাত, কেরাত, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ নানা পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। তাদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগিতা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে। তাদের পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও মোহাম্মদ সোলায়মান হোসেন, নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি ডা. মো. আবু কাউছার সুমন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকেরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সহায়ক। সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগও তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.