দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চাকরির মেলায় ৫০ হাজারের বেশি চাকরিপ্রত্যাশীর সমাগম ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ। দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের ৯৪টি স্টলে চাকরির সুযোগ খুঁজতে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
মেলায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “এ অঞ্চলকে এগিয়ে নিতে এবং তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে তাদের জাগিয়ে তোলা—এটাই আমাদের বড় কাজ।”
মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের সম্ভাবনা ও প্রতিভাকে কাজে লাগাতে পারলে এ অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে। এ জন্য তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের প্রতিভা বিকাশে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা উদ্যোক্তা হোক।” তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে অনলাইনে ২৪ হাজার ১২৯ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেন। তবে নিবন্ধন ছাড়াও সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ থাকায় মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়।
দিনাজপুর-৬ আসনের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার পাশাপাশি উত্তরাঞ্চলের অন্যান্য জেলার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সিভি জমা দেন। কেউ কেউ একাধিক প্রতিষ্ঠানে চাকরির আশায় আবেদন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হক, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সম্ভাব্য নিয়োগের কার্যক্রম পরিচালনা করে।
মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকশ পুলিশ সদস্যের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ ও স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকেরা তৎপর ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে এলাকার বেকার তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাবেন। একই সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মী খুঁজে নিতে পারবে। চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরির উদ্যোগও এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.