সিলেট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে তাঁদের সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন গোয়াইনঘাটের গোরাগাঁও এলাকার মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (৩৬) এবং আব্দুল হামিদ বুলাইয়ের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, মঙ্গলবার দুপুরে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার তাঁদের গ্রেপ্তারের বিষয়টি জানায় এসআরবির গণমাধ্যম শাখা।
এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিরাই থানার উশনপুর এবং ভোর পৌনে ৫টার দিকে নন্দীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার হাদারপার এলাকার বাসিন্দা বদরুল আলম একজন ব্যবসায়ী, সাবেক ছাত্রদল নেতা এবং যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত ১১ অক্টোবর ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোরাগাঁও এলাকায় কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় বদরুল ও তাঁর সঙ্গী ছাদেকের ওপর হামলা চালানো হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহত বদরুল ও ছাদেককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় মামুনুর রশীদ ও সুয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.