ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়ন ভূমি অফিসে খাজনার দাখিলা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ভূমি কর্মকর্তা রাজকুমার ও অফিস সহকারী আশরাফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ১৭৫ টাকা করে দুটি খাজনার দাখিলা দেওয়ার বিপরীতে এক ভূমি মালিকের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় ভূমি মালিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ধাওড়া গ্রামের লিমন জোয়ার্দার অভিযোগ করেন, জমির খাজনা দিতে ধলহরাচন্দ্র ইউনিয়ন ভূমি অফিসে গেলে অফিস সহকারী আশরাফুল ইসলাম তাঁর কাছে ৩ হাজার টাকা দাবি করেন। ওই টাকা দিতে অপারগতা জানালে ভূমি কর্মকর্তা রাজকুমারের সঙ্গে আলোচনা করে তাঁর কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। পরে তাঁকে ১৭৫ টাকা করে দুটি খাজনার দাখিলা দেওয়া হয়। টাকা নেওয়ার পরও দাখিলায় উল্লেখিত অর্থের সঙ্গে আদায় করা টাকার এত পার্থক্য কেন, জানতে চাইলে সংশ্লিষ্টরা বিভিন্ন অজুহাত দেখান বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি অফিসে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে তাঁদের। অনেক ক্ষেত্রে দালালের সহযোগিতা ছাড়া সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এতে সাধারণ ভূমি মালিকদের আর্থিক ক্ষতির পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দালালনির্ভরতা বন্ধ করে ভূমি অফিসের সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ধলহরাচন্দ্র ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাজকুমার ও অফিস সহকারী আশরাফুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তাঁরা নীরব থাকেন। এ সময় সাংবাদিককে টাকা দিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করা হয় বলে অভিযোগ রয়েছে।
শৈলকুপা উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশীষ অধিকারী বলেন, “ভুক্তভোগী আমাকে জানালে এবং ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.