রুয়েট প্রতিনিধি
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতার ধারাবাহিকতায় জাতীয় দলের সঙ্গে যুক্ত হলেন তিনি।
অনিক নিয়োগী রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রুয়েট ক্রিকেট ক্লাবের সাবেক খেলোয়াড়। বর্তমানে ক্লাবটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গত আড়াই বছর ধরে বিসিবির সঙ্গে কাজ করছেন অনিক। এর মধ্যে দুই বছর বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ এইচপি দলের সঙ্গে কাজ করেছেন। এ ছাড়া ২০২৬ সালের উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ নারী ‘এ’ দলের সঙ্গেও দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরে যথাক্রমে চিটাগং কিংস ও চট্টগ্রাম রয়্যালসের বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন অনিক।
আধুনিক ক্রিকেটে টিম অ্যানালিস্টরা খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়ন, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে কোচিং স্টাফকে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। জাতীয় দলের হয়ে অনিকের এই দায়িত্ব পালন তাঁর পেশাগত অভিজ্ঞতায় নতুন সংযোজন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.