নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নরসিংদী শহরতলির ঘোড়াদিয়া গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, থ্রি নট থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, ছোট পিস্তলের ২১ রাউন্ড গুলি, ৬টি ব্ল্যাংক কার্তুজ, শটগানের ২১ রাউন্ড রাবার কার্তুজ ও ২০ রাউন্ড সিসার কার্তুজ। এ ছাড়া ৯টি দেশীয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আল মাসুদ খান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি দল ঘোড়াদিয়া গ্রামের ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে সেখানে মজুত রাখা অস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অপরাধী চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও মাদক ওই ঘরে মজুত করে রেখেছিল। তবে এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার করা আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.