নড়াইল প্রতিনিধি
দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করতে নড়াইলে বাংলা কিউআর (Bangla QR) বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার উদ্যোগে শহরের শেখ রিজেন্সি গেস্ট হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে গেস্ট হাউসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে গেস্ট হাউসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার ব্যবস্থাপক শাহাবুদ্দিন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক, খুলনার অতিরিক্ত পরিচালক এন এ এম সারওয়ারে আখতার, জনতা ব্যাংক যশোর এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম, সোনালী ব্যাংক নড়াইল প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক মনোতোষ সরকার এবং বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বদরুল হোসেন।
বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং লেনদেনের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এ পদ্ধতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকেরা বিভিন্ন ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সহজেই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। নগদ অর্থের ব্যবহার কমানো এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতেও এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.