সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার মৃত্যুর ঘটনায় ঘাতক পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের হেলপার রাজু শেখকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। তবে চালক মাজহারুল ইসলাম পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতের টহল শেষে তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিল। পথে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) কথা বলার জন্য পুলিশের গাড়িটি থামান। এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এসআই মিজানুর রহমান ও রফিকুল ইসলাম মোল্লা নিহত হন।
পিকআপটি আটক করতে গেলে পুলিশের উপপরিদর্শক (পিএসআই) জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। পরে পিকআপটি নিয়ে পালিয়ে যায় চালক।
এ ঘটনায় ২৫ অক্টোবর কালীগঞ্জ থানায় একটি মামলা (নম্বর ২৬) করা হয়। পরে থানা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। ২৮ অক্টোবর রাতে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা গ্রামের কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনে থেকে পিকআপটি (ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) উদ্ধার করা হয়। এ সময় পিকআপের হেলপার রাজু শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদে রাজু শেখ পিকআপের চালক মাজহারুল ইসলাম পলাতক থাকার তথ্য দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রাজু শেখকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.