জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন রান’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ ম্যারাথন শুরু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবিপ্রবি শাখার আয়োজনে অনুষ্ঠিত ম্যারাথনে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ১৬০ জন শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার সরওয়ার জাহান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এবং মেলান্দহ থানার কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বেগম খালেদা জিয়াকে স্মরণ এবং গণতন্ত্র ও দেশকে ধারণ করে ছাত্রদলের এ আয়োজন ব্যতিক্রমী উদ্যোগ। সুস্থ ও দক্ষ জাতি গঠনে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কেবল অবকাঠামো নয়, এটি জ্ঞানচর্চা ও সৃষ্টির কেন্দ্র। যুবসমাজকে মাদক ও নেতিবাচকতা থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বমঞ্চে পরিচিত করতে এ ধরনের সৃজনশীল কর্মসূচি নিয়মিত চালিয়ে যেতে হবে।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলা ও শরীরচর্চায় আগ্রহ বাড়ানো, সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, ফিনিশার মেডেল, সনদপত্র, ব্যক্তিগত ফটোগ্রাফি, খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা, পরিবহন ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। প্রত্যেক অংশগ্রহণকারীকে ১০০ টাকা নিবন্ধন ফি দিতে হয়েছে।
ম্যারাথন শেষে ছেলে ও মেয়ে উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.