
নড়াইল প্রতিনিধি
নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম গ্রামে রাতভর অভিযান চালিয়ে চোরাই চারটি ইজিবাইক, একটি পালসার মোটরসাইকেল ও ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নড়াইল সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বাঁশগ্রাম গ্রামের তোকাম মোল্যার ছেলে মিরাজুল ইসলামের (৩০) বাড়িতে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে মিরাজুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে একই গ্রামের লিকুল মোল্যার ছেলে রিফায়েত মোল্যার (১৬) বাড়ি থেকে আরও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ ছাড়া নওশের মোল্যার ছেলে সবুজ মোল্যার (৩৩) বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই চারটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.