আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় টেন্ডার বা প্রকাশ্য নিলাম ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো আধাপাকা ঘরের টিন, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ইনামুল হকের বিরুদ্ধে। সরকারি সম্পদ বিক্রিতে নিয়মনীতি অনুসরণ না করার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে টিটা পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নছিমনযোগে ইট নিয়ে যেতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পুরোনো আধাপাকা ঘর ভেঙে সেখানকার টিন, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী কোনো টেন্ডার বা প্রকাশ্য নিলাম ছাড়াই বিক্রি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ইট ক্রেতা হরে কৃষ্ণ মণ্ডল বলেন, ‘তিন দিন ধরে এই ঘরের ইট তোলার কাজ করছি। প্রধান শিক্ষক ইনামুল হকের কাছ থেকে ৫ হাজার ইট ১৫ হাজার টাকার বিনিময়ে কিনেছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথমে বক্তব্য দিতে রাজি হননি প্রধান শিক্ষক ইনামুল হক। পরে তিনি জানান, টেন্ডার ছাড়াই ভাঙারি ব্যবসায়ীদের কাছে এসব মালামাল ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। বিক্রির টাকা দিয়ে বিদ্যালয়ে সুপারি গাছ লাগানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুসলিমা বেগম বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। খোঁজখবর নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দা সজল মিয়াসহ আরও অনেকে বলেন, সরকারি বিদ্যালয়ের সম্পদ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি। টেন্ডার ছাড়াই এসব সম্পদ বিক্রি করা হয়ে থাকলে তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.