আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে আমড়াগাছিয়া নদীর খেকুয়ানী বাজারসংলগ্ন এলাকায় গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক হাজার মানুষ। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আয়রন সেতুর স্থানে নতুন গার্ডার সেতু নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সেতুটি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খরস্রোতা পায়রা নদীর শাখা আমড়াগাছিয়া নদীটি আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নকে ঘিরে প্রবাহিত হয়েছে। একসময় এ নদীতে ১০টির বেশি খেয়া নৌকায় মানুষ ও কৃষিপণ্য পারাপার হতো। ২০০১ সালে খেকুয়ানী বাজারসংলগ্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি আয়রন সেতু নির্মাণ করে। তবে নির্মাণকাজে অনিয়মের কারণে ২০১০ সালের দিকে সেতুটির বিম বাঁকা হয়ে যায় এবং সেতুটি দেবে পড়ে। পরে ২০২০ সালে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের মানুষের কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে গুলিশাখালী ইউনিয়নে প্রতিবছর প্রায় ৫০ কোটি টাকার তরমুজ উৎপাদিত হলেও সেতু দিয়ে তরমুজবোঝাই যানবাহন চলাচল করতে না পারায় পাইকারি ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন। ফলে লোকসানের মুখে পড়ছেন তরমুজচাষিরা। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতার অভাবে খেকুয়ানী বাজারের ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন মো. দেলোয়ার মুন্সি, প্রভাষক ফারুক হোসেন, মোশাররফ হোসেন মোল্লা, কবির পঞ্চায়েত, মোমেন আকন, মোস্তফা ঘরামী ও ইউপি সদস্য ছত্তার মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে ২০০১ সালে সেতুটি নির্মাণ করা হলেও অল্প সময়ের মধ্যেই তা অকেজো হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এলাকার মানুষ ও কৃষকরা চরম ভোগান্তিতে রয়েছেন। কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ স্বাভাবিক করতে এবং দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত গার্ডার সেতু নির্মাণের দাবি জানান তাঁরা।
আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া বলেন, আমড়াগাছিয়া নদীর খেকুয়ানী বাজারের আয়রন সেতুর স্থানে দ্রুত গার্ডার সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং নকশা তৈরির কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.