আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় এক উপকারভোগীর ভিডব্লিউবি কার্ডের দুই মাসের ৬০ কেজি চাল তাঁর অজান্তে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী ইউপি সদস্য রোজিনা বেগমের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে চাল ফেরত দেওয়ার কথা জানিয়েছেন অভিযুক্ত ইউপি সদস্য। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রোজিনা বেগমের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা শেফালী বেগম।
শেফালী বেগম জানান, ২০১৮ সালে স্বামী মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন তিনি। সংসার চালাতে দুই মেয়েকে সেখানে রেখে ঢাকায় দিনমজুরের কাজ করেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়ার জন্য আবেদন করলে যাচাই-বাছাই শেষে তাঁর নামে কার্ড অনুমোদিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ওই কার্ড সংগ্রহ করেন ইউপি সদস্য রোজিনা বেগম।
শেফালীর অভিযোগ, তাঁকে না জানিয়ে তাঁর কার্ডে স্বাক্ষর দিয়ে দুই মাসের ৬০ কেজি চাল তুলে নেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্যের কাছে গেলে প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে চাল তুলে নেওয়ার বিষয়টি সামনে এলে তা ফেরত দেওয়ার কথা জানান।
শেফালী বেগম বলেন, তাঁর অজান্তে কার্ডে স্বাক্ষর দিয়ে চাল তুলে নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ইউপি সদস্যের বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রোজিনা বেগম বলেন, শেফালী বেগম ঢাকায় থাকায় তাঁর বরাদ্দের চাল দক্ষিণ শিহিপাশা গ্রামের আগে চাল পাওয়া এক অসহায় নারীকে দেওয়া হয়েছে। এখন শেফালী ফিরে আসায় তাঁকে তাঁর চাল ফেরত দেওয়া হবে। বিষয়টি ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, একজনের নামে বরাদ্দ করা কার্ডের চাল অন্য কারও তুলে নেওয়ার সুযোগ নেই। ইউপি সদস্য রোজিনা বেগমের বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.