ফরিদপুর প্রতিনিধি
জনগণের ভোটের দাবি ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, জনগণের দাবি বাস্তবায়ন না করে সরকার বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে পৌরসভা-সংলগ্ন এলাকায় যাত্রাবিরতিকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিন তাঁর গাড়িবহর ভাঙ্গায় পৌঁছালে হাজারো নেতাকর্মী তাঁকে স্বাগত জানান। সকাল থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী নেতাকর্মীরা বিশ্বরোডের পৌরসভা-সংলগ্ন এলাকায় জড়ো হন। তাঁরা হাতে প্ল্যাকার্ড ও দলীয় ব্যানার নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় ১১-দলীয় জোটের নেতারা তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে স্বাগত জানান ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন, জামায়াত নেতা রিপন সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসাইন, পৌর জামায়াতের আমির ডা. মো. এনায়েত হোসেন, জামায়াত নেতা মফিজুল ইসলাম মাসুদ ও মো. হাফিজুল ইসলামসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নেতাকর্মীরা।
এ উপলক্ষে ভাঙ্গায় আয়োজিত সমাবেশে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের তত্ত্বাবধানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.