বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী ও সমর্থক ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসি গ্রামে দলটির উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।
নবযোগদানকারীদের মধ্যে রয়েছেন গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামের শাহিন সিকদার ও একই এলাকার শাহিন জোমাদ্দার। শাহিন সিকদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গারুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। অনুষ্ঠানে মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া তাঁর সদস্য ফরম গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনের কর্মী হিসেবে অন্তর্ভুক্ত করেন।
তবে শাহিন সিকদারের জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম বলেন, শাহিন সিকদার নামে কোনো জামায়াতকর্মীকে তাঁরা চেনেন না। অন্যদিকে ইসলামী আন্দোলনের গারুড়িয়া ইউনিয়ন শাখার দলীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন জামায়াতের সমর্থক হিসেবে যুক্ত থাকলেও তাঁর কোনো পদ-পদবি ছিল না।
ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়ে শাহিন সিকদার বলেন, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা দলটির আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে একটি সূত্রের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হওয়ার লক্ষ্যেই তাঁর দল পরিবর্তন। এ যোগদানকে কেন্দ্র করে গারুড়িয়া ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কাওসার আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবদুস সবুর এবং গারুড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম সরদারসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাঁর বিধান বাস্তবায়নের লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। দলটির আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে প্রতিনিয়ত মানুষ সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন বলেও তিনি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.