মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলায় চল’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২০২৬-২৭ সিজন-২ প্রতিযোগিতায় খেলোয়াড় বাছাই কার্যক্রমের অংশ হিসেবে ৪ নম্বর নাংলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধন ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।
উদ্বোধনী খেলায় ১ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডের ফুটবল দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১ নম্বর ওয়ার্ড ১ গোল করলেও ৩ গোল করে জয় তুলে নেয় ৯ নম্বর ওয়ার্ড। খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম সুজন ও সাখাওয়াত হোসেন।
খেলা উপভোগ করতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে পুরো মাঠে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি ওয়ার্ডে ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি করে সুস্থ, মেধাবী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতায় নাংলা ইউনিয়নে খেলাধুলার চর্চা আরও বিস্তৃত হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.