নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রোববার (১ নভেম্বর) সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেওয়ার পর সেখান থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে হাজারো শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শ্রমিক আন্দোলনের কারণে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।
গত শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে অবরোধ তুলে নিলেও রোববার সকাল থেকে আবারও তাঁরা মহাসড়কে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.