বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মারামারির মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বটতলা মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত ও মৌখিক বক্তব্য দেন ওই ইউনিয়নের শেখপাড়া গ্রামের মকবুল হোসেন।
তিনি অভিযোগ করেন, গত ১২ অক্টোবর বটতলা মোড়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁর ভাতিজা মোটরসাইকেলচালক লালচান মাথা ও পায়ে আঘাত পান। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের আসামি করে মারামারির মামলা করা হয়েছে।
মকবুল হোসেনের দাবি, দুর্ঘটনার দিন ঘটনাস্থলে কোনো মারামারি বা হামলার ঘটনা ঘটেনি। তাঁর কাছ থেকে জমি বিক্রির ৩৪ লাখ টাকা নেওয়া হলেও জমি দলিল করে দেওয়া হয়নি। উল্টো হয়রানি করতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান মকবুল হোসেন। এ সময় ভুক্তভোগী আছমা বেগম, শাহাজল মিয়া, অন্তর মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.