নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী এবং ভ্যান চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
রোববার দুপুরে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন মান্দা উপজেলার আরিফ হোসেন (৩০), মহাদেবপুর উপজেলার মোশাররফ (৩৩) এবং বদলগাছী উপজেলার শিলং (২৩) ও আরাফাত (২৩)। অন্যদিকে ভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নর্দগ্রাম এলাকার মো. সালাম (৪৮) ও তাঁর ছেলে মো. নয়ন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মান্দার রঘুনাথপুর গ্রামে আরিফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে মোশাররফকে গ্রেপ্তার করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে মোশাররফের তথ্য অনুযায়ী বদলগাছী থেকে শিলং ও আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকেও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
এদিকে মধু বিক্রির কথা বলে ভ্যান ভাড়া নিয়ে চালককে কৌশলে সরিয়ে ভ্যান চুরির অভিযোগে সালাম ও তাঁর ছেলে নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৬ নভেম্বর বাহাদুর নামের এক ব্যক্তি নওগাঁ শহরের গোস্তহাটি এলাকা থেকে তাঁর ভ্যান চুরির অভিযোগ করেন। এ ঘটনায় সদর থানায় মামলা হলে ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় নাটোরে অভিযান চালিয়ে চোরাই ভ্যানসহ তাঁদের গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.