নরসিংদী প্রতিনিধি
শিশুদের সাঁতার শেখানো এবং পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে নরসিংদীতে ৩০ শিক্ষার্থীকে নিয়ে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের পুকুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অনূর্ধ্ব-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, সাঁতার প্রশিক্ষণে শিক্ষার্থীদের আগ্রহ ও উপস্থিতি দেখে তিনি আনন্দিত। প্রত্যেকের সাঁতার শেখা অত্যন্ত জরুরি। দেশে প্রতিবছর সাঁতার না জানার কারণে অনেক শিশুর মৃত্যু হয়। তাই প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে সাঁতার শেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এমন উদ্যোগ নেওয়ায় জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান।
জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মনজিল মিল্লাত, স্থানীয় ক্রীড়া সংগঠক কবির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকরা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তফা কামাল রতন।
প্রশিক্ষণে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো—কারারচর মৌ. তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, করিমপুর করোমত কামাল বয়েজ হাই স্কুল, আলীজান জুট মিলস হাই স্কুল, পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের সাঁতারের প্রাথমিক ও প্রয়োজনীয় কৌশল শেখানো হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.