নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে সদ্য নির্মিত গ্রামীণ সড়কের ইটের সলিং তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। রোববার (১ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচি থেকে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আব্দুস সাত্তার, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন, খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রকল্প সভাপতি সাইমন হাসান ঝুমন ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জানান, রাজাবাড়িয়া-খারুয়া সড়ক থেকে হালিউড়া দারুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার ঈদগাহ মাঠ পর্যন্ত সড়কটি প্রায় ৪০ বছর আগে নির্মিত হয়। কয়েকটি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী এবং মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করেন।
দীর্ঘদিন অবহেলিত থাকার পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের টিআর-কাবিখা প্রকল্পের আওতায় রাস্তাটিতে ইটের সলিং করা হয়। প্রকল্প সভাপতি সাইমন হাসান ঝুমন ভূঁইয়া কয়েক দিন আগে কাজটি সম্পন্ন করেন। তবে কাজ শেষ হওয়ার পরপরই দুর্বৃত্তরা রাস্তার সলিংয়ের ইট তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বক্তারা। এতে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, ঘটনাটি জানার পর নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গুরুত্বসহকারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, রাস্তার ইট তুলে নেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.