ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা নস্যাৎ করেছে স্থানীয় প্রশাসন। রবিবার (১ নভেম্বর) উপজেলার মানিকদহ ইউনিয়নের তুলসীঘাটা মৌজায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মানিকদহ ইউনিয়নের ১০ নং তুলসীঘাটা মৌজায় বিএস খাস ০১ নং খতিয়ানভুক্ত ৩৯১ নং দাগ এবং বিএস ০৪ নং খতিয়ানভুক্ত ৩২৯ নং দাগের সরকারি জমিতে স্থানীয় কতিপয় ব্যক্তি অবৈধভাবে ঘর নির্মাণ করে দখল করার চেষ্টা চালাচ্ছিলেন। এর আগে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্মাণকাজ বন্ধ রাখা এবং সেখানে থাকা নির্মাণসামগ্রীসহ যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু তারা প্রশাসনের সেই নির্দেশনা অমান্য করে পুনরায় অবৈধ নির্মাণকাজ চালিয়ে যান। এ পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে জমিটি সরকারের দখলে আনা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ দখলের চেষ্টা করায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পত্তি ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.