মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মুক্তারপুরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর টোলগামী সড়কের এশিয়া মিলের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বপাড়া এলাকার ইদন মিয়ার ছেলে এনামুল হক (২৩) ও শাহ আলমের ছেলে শাহিন হাসান (২২)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই কামরুল হাসান ও এএসআই দীপক কুমারসহ একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি করে খাকি স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে নেভি ব্লু রঙের কুমিল্লা-ন-১১-০৭৭৪ নম্বরের পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.