ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও সহযোগিতা দিতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আল হাইথাম কল্যাণ ট্রাস্ট। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক প্রতিনিধিদের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা, স্কেল, সায়েন্টিফিক ক্যালকুলেটর, জ্যামিতি বক্স ও স্কুল ব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ। বিশেষ অতিথি ছিলেন তাঁর বাবা মোহাম্মদ শাহ, মা ও সহধর্মিণী। এ ছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়বে। সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করতেই ট্রাস্টের এ ক্ষুদ্র উদ্যোগ। সঠিক শিক্ষা উপকরণ ও সুযোগ পেলে গ্রামের শিশুরাও পড়াশোনায় সাফল্য অর্জন করতে পারবে। শিক্ষা ও সামাজিক উন্নয়নে ট্রাস্টের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.