মো. মিজানুর রহমান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বাণিজ্য বিভাগে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার সাতটি কলেজের এ বিভাগ থেকে ১১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১০ জন। পাসের হার ৮ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে চারটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী জানান, বাণিজ্য বিভাগে সাতটি কলেজের ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০ জন উত্তীর্ণ হয়েছেন। চারটি কলেজের বাণিজ্য বিভাগের কোনো পরীক্ষার্থী পাস করেননি।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কাউনিয়া কলেজের বাণিজ্য বিভাগে ৯ জন পরীক্ষার্থীর কেউ পাস করেননি। কাউনিয়া মহিলা কলেজে দুজনের মধ্যে পাস করেছেন একজন। মীরবাগ কলেজে ছয়জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন একজন। হারাগাছ সরকারি কলেজে ৮১ জনের মধ্যে পাস করেছেন মাত্র আটজন।
এ ছাড়া ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে দুজন, হারাগাছ মডেল কলেজে আটজন এবং সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে একজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেননি।
অন্যদিকে, উপজেলার আটটি কলেজের সামগ্রিক ফলাফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৪৭ শতাংশ। ফলে অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, এ ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর দায়িত্বশীলতা এবং শিক্ষা প্রশাসনের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে। নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের অনুপস্থিতি, বিষয়ভিত্তিক দুর্বলতা ও পাঠদানের কার্যকারিতা যথাযথভাবে মূল্যায়ন না করার বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন।
শিক্ষার মানোন্নয়নে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, বিষয়ভিত্তিক পরীক্ষা এবং শিক্ষকদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বাণিজ্য বিভাগে এমন ফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.