রুয়েট প্রতিনিধি
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাংবাদিকদের সংগঠন ‘রুয়েট রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) প্রতিনিধিরা। সোমবার (২ নভেম্বর) নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ, নগর পরিকল্পনায় প্রকৌশলীদের সম্পৃক্ততা এবং ক্যাম্পাসসংলগ্ন এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে রাসিক প্রশাসক জানান, চলতি বছর থেকেই রুয়েট শিক্ষার্থীদের জন্য সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ চালু করা হয়েছে। এ কার্যক্রম প্রতিবছর অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। প্রতি ব্যাচে অন্তত ৩০ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
উল্লেখ্য, ইতিমধ্যে প্রথম ব্যাচে রুয়েটের ১৮ জন শিক্ষার্থী রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।
সাক্ষাতে আধুনিক নগর পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়নে তরুণ প্রকৌশলীদের সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়। এ সময় রুয়েট প্রতিনিধিরা ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, পাবলিক টয়লেট স্থাপন এবং আশপাশের ব্যস্ত সড়কে প্রয়োজনীয় স্পিডব্রেকার নির্মাণের দাবি তুলে ধরেন।
রুয়েট রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ, মিডিয়া সম্পাদক মারুফ বিল্লাহ রিফাত, অর্থ সম্পাদক মোহাম্মদ আদিল চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার এবং কার্যনির্বাহী সদস্য এ এস এম হাফিজ শাহরিয়ার ও মো. নূর এ তাসনিম শীষ।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাকের সৌজন্য সাক্ষাৎ হয়। ওই বৈঠকেই রুয়েট শিক্ষার্থীদের জন্য রাসিকে ইন্টার্নশিপের ব্যবস্থা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, নগর অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক নগর পরিকল্পনায় রুয়েট শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে একদিকে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, অন্যদিকে নগর উন্নয়ন কার্যক্রমও আরও গতিশীল হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.