নড়াইল প্রতিনিধি
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৬টি স্মার্টফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধারে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন মডেলের ৩৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিকরা। এ সময় ভুক্তভোগী অনিতা রানী জানান, হারানো ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তাঁরা। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ফোন ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উদ্ধার কার্যক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) প্রসেনজিত ঘোষ ও এসআই (নিঃ) রাকিবুল হাসানসহ অন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
এ সময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.