জাবিপ্রবি প্রতিনিধি
বিদ্যুৎ খাতের বাস্তব কার্যক্রম সম্পর্কে ধারণা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ১০ দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শুরু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (এসই) ও কোর্স ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাবিপ্রবির ইইই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. সিজার রহমান। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহ খালিদ মাহমুদ চৌধুরী।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম বলেন, ‘বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা একজন প্রকৌশলীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের বিদ্যুৎ খাত সম্পর্কে বাস্তব ধারণা দেবে।’
কোর্স কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার শাহ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যুৎ খাতের বিভিন্ন যন্ত্রপাতি ও কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবে, যা তাদের কর্মজীবনে সহায়ক হবে।’
শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. উমর ফারুক বলেন, ‘ক্লাসে শেখা বিষয়গুলো বাস্তবে কীভাবে কাজ করে, তা কাছ থেকে জানার সুযোগ পাওয়াটা আমাদের জন্য আনন্দের।’
শিক্ষার্থী নন্দিতা শাহা নিশি বলেন, ‘এ প্রশিক্ষণ আমাদের ব্যবহারিক জ্ঞান ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে সহায়তা করবে বলে আশা করছি।’
প্রশিক্ষণে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল্লাহ-আল জুবায়ের এবং কোর্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন মো. তারেক আজিজ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.