দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং নাগরিক দুর্ভোগ কমাতে সরেজমিনে পরিদর্শনে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুন। সোমবার (২ নভেম্বর) তিনি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় দুই কিলোমিটার হেঁটে পরিদর্শন করেন। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে মালামাল রাখা ব্যবসায়ীদের দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেন তিনি।
পরিদর্শনকালে শহরের বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাতের ওপর দোকানের মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সামগ্রী রেখে চলাচলের পথ সংকুচিত করে রাখার চিত্র দেখতে পান ইউএনও। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে নির্দেশনা দেন তিনি।
এর আগে একই দিন পৌর শহরের নাগরিক দুর্ভোগ নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে আট দফা সংবলিত স্মারকলিপি ইউএনও ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুনের কাছে জমা দেয় বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্ট।
সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার স্মারকলিপিটি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক ভিপি গোলাম মোর্শেদ সৈকতসহ অনেকে।
স্মারকলিপিতে বিরামপুর পৌর শহরের সড়ক ও ঢাকা মোড় থেকে অটোরিকশা, মিশুক, টেম্পু, ভ্যান ও বাসের অবৈধ স্ট্যান্ড অপসারণ করে যানজট নিরসন, যানবাহনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ, অটোরিকশার ভাড়া নির্ধারণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং সপ্তাহে অন্তত দুই দিন পৌর কার্যালয়ে বসে নাগরিকদের অভিযোগ শোনার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
দাবিগুলোর বিষয়ে ইউএনও ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুন বলেন, অচিরেই ঢাকা মোড় ও হাসপাতাল মোড় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
ইউএনওর পরিদর্শনকালে সিএনজি, অটোবাইক ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর স্ট্যান্ড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পৌরবাসীর প্রত্যাশা, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে। বিশেষ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং যানবাহনের নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণের মাধ্যমে শহরে স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.