কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষা থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনার পর ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বিস্ফোরণের বিকট শব্দে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, টেস্ট পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ পাঁচ শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেন। এ সময় পরীক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগে তানজিন রহমান রিদু নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ওই শিক্ষার্থী কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করেন বলে অভিযোগ উঠেছে। বিস্ফোরণের পর শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
তানজিন রহমান রিদু ফিলিপনগর ইউনিয়নের ইলামপুর গ্রামের মিজানুর রহমান মিন্টুর ছেলে। তিনি জামায়াত নেতা খাজা আহমেদের সহযোগী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাস্থল থেকে বোমা নিক্ষেপে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলটির মালিক কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ফিলিপনগর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আহমেদ।
এ বিষয়ে জানতে খাজা আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পরীক্ষার হলে নিয়ম ভঙ্গের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে বহিষ্কার করে। এরপর বিদ্যালয়ের পাশে দুটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। তদন্তে মোটরসাইকেলটির মালিক হিসেবে জামায়াত নেতা খাজা আহমেদের নাম পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, ঘটনাটি জানার পর পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.