নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নড়াইল সদরের ডুমুরতলা গ্রামের খায়রুজ্জামান অভি (২৯), চণ্ডিবরপুর গ্রামের আমিনুর রহমান (২৯) ও পলাশ মল্লিক (৩২) এবং কুড়িগ্রাম এলাকার প্রশান্ত কুমার দাস (৪০)।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর উপজেলার ডুমুরতলা, চণ্ডিবরপুর ও কুড়িগ্রাম এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় ডুমুরতলা থেকে ২০ গ্রাম গাঁজাসহ খায়রুজ্জামান অভি, চণ্ডিবরপুর থেকে ৩০টি ইয়াবাসহ আমিনুর রহমান ও একটি ইয়াবাসহ পলাশ মল্লিক এবং কুড়িগ্রাম থেকে ৯টি ইয়াবাসহ প্রশান্ত কুমার দাসকে আটক করা হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এর মধ্যে খায়রুজ্জামান অভিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আমিনুর রহমানকে চার মাসের কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা, পলাশ মল্লিককে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং প্রশান্ত কুমার দাসকে দুই মাসের কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার মঙ্গলবার (৩ নভেম্বর) জানান, গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.