কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
হাসপাতালের চিকিৎসাসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধা সরেজমিনে দেখতে হঠাৎ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালটিতে যান। এ সময় বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজ নেন তিনি।
এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশসহ উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.