টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে দেশজুড়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা। তবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় সংসদের ঘোষিত এ কর্মসূচি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পালন করা হয়নি। যদিও একই দাবিতে গোপালগঞ্জ জেলা পর্যায়ে মানববন্ধনে অংশ নিয়েছেন প্রায় ৫০০ থেকে ৬০০ মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার (৩ নভেম্বর) টুঙ্গিপাড়ায় কর্মসূচি পালন না করার বিষয়ে জানতে চাইলে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের নেতা ড. একরাম হোসেন বলেন, মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা পর্যায়ে ৫০০ থেকে ৬০০ মুক্তিযোদ্ধা মানববন্ধন করেছেন। অসুস্থতার কারণে তাঁকে ঢাকায় যেতে হচ্ছে। এ অবস্থায় স্থানীয় মুক্তিযোদ্ধা নেতারা কর্মসূচি সফল করতে পারবেন না বলে মনে হওয়ায় টুঙ্গিপাড়ায় মানববন্ধন করা সম্ভব হয়নি।
মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি টুঙ্গিপাড়ায় তাঁর জামাতার বাড়িতে বসবাস করছিলেন। দুই মাস অসুস্থ থাকার পর গত শনিবার সকাল ১০টার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ নিয়ে তাঁরা পিরোজপুর সদর উপজেলা পরিষদে যান। পরে মরদেহ পিরোজপুর পুলিশ লাইনসে নেওয়া হলে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। ওই দিন রাত দেড়টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিকে মানিক পশারীর পরিবারের অভিযোগ, তাঁর মরদেহ পুড়িয়ে ফেলা, মরদেহ আটকে রাখা এবং পরিবারের সদস্যদের বাড়িতে আসতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এসব অভিযোগের প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু প্রতিবাদের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় সংসদ দেশব্যাপী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হলেও টুঙ্গিপাড়ায় তা অনুষ্ঠিত হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.