খুলনা প্রতিনিধি
খুলনার দিঘলিয়ায় বাড়ির দরজার সামনে পড়ে থাকা মুড়ির প্যাকেট ঘরে নেওয়ার পর বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এম এম মনিরুল ইসলাম (৬৩) নামে এক জামায়াত নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটি ইউনিয়নের কলের পুকুর এলাকার পশ্চিম পাশে নিজের বসতঘরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়।
আহত মনিরুল ইসলাম সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরেন মনিরুল ইসলাম। এ সময় বসতঘরের দরজার সামনে পলিথিনের একটি প্যাকেটে মুড়ি পড়ে থাকতে দেখেন তিনি। কেউ ভুল করে প্যাকেটটি ফেলে গেছে মনে করে সেটি ঘরের ভেতরে নিয়ে মেঝেতে রাখেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং ঘরের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে তাঁকে উদ্ধার করেন। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। প্যাকেটের ভেতরে কী ধরনের বিস্ফোরক ছিল, কীভাবে সেটি সেখানে রাখা হয়েছিল এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.