নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার আট ঘণ্টার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনসহ তিনজনকে আটক করেছে মহাদেবপুর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার ডিমজাউন গ্রামের পিকআপচালক সোহেল রানা, ঈশ্বরলক্ষীপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন (২৮) এবং রামচরণপুর দক্ষিণপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না রহমান (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলা সদরের পশ্চিম পাশে ভাঙারির ব্যবসা করেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাসিন্দা আব্দুল আলিম। মঙ্গলবার তাঁর চাচাতো ভাই ও দোকানের ব্যবস্থাপক মজনু এবং পিকআপচালক সোহেল বগুড়া থেকে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন। পথে চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় দুটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁদের মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়।
তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ দল অভিযান শুরু করে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তায় ঘটনার আট ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সুপারের দিকনির্দেশনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.