রাসেল আহমেদ, খুলনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বদলে গেছে খুলনার চেনা নগরচিত্র। সড়কের পাশের বিবর্ণ দেয়ালে ফুটে উঠছে রঙিন গ্রাফিতি, সড়ক বিভাজকে লাগছে নতুন রঙের ছোঁয়া। পুরোনো স্থাপনা সাজানো হচ্ছে নতুন করে। কোথাও চলছে সৌন্দর্যবর্ধনের কাজ, কোথাও পরিচ্ছন্নতাকর্মীদের ব্যস্ততা। তোরণ-ব্যানারে শহর ঢেকে ফেলার পরিবর্তে পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন।
আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক দিনের সফরে খুলনা ও বাগেরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি নগরীর বিভিন্ন পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বুধবার (৪ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনার আশপাশে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি, সড়ক বিভাজকে করা হচ্ছে বর্ণিল নকশা। পাশাপাশি ময়লা-আবর্জনা সরিয়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের চেষ্টা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, রূপসার কুদির বটতলা থেকে রূপসা বাইপাস সড়ক, শেরেবাংলা রোড ও পাওয়ার হাউস মোড় হয়ে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেবেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ মানুষের অংশগ্রহণে পুষ্পবৃষ্টি ও অভিনন্দনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে চলছে সভা, বর্ধিত সভা ও মতবিনিময়।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, কুদির বটতলা থেকে রূপসা বাইপাস হয়ে জেলা স্টেডিয়ামমুখী পুরো পথজুড়ে খুলনাবাসী পুষ্পবৃষ্টি ও অভিনন্দনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। জনসমাগমে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তোরণ-ব্যানারে শহর না ঢেকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব খুলনা গড়ার উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তাঁরা মনে করেন।
নগরীর সৌন্দর্যবর্ধনে যুক্ত হয়েছে খুলনা সিটি করপোরেশনও। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনাগুলো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনাকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সফর শেষ হওয়ার পরও নগরীর সৌন্দর্য ধরে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে নগরবাসী এ উদ্যোগের সুফল পান।
এদিকে প্রধানমন্ত্রীর সফরের অন্যতম কর্মসূচি হিসেবে খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর দ্বিতীয় আসর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল গত রোববার (১ নভেম্বর) রাতে এক মতবিনিময় সভায় জানান, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর মোংলা বন্দরের দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সেখান থেকে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজনৈতিক আয়োজনের পাশাপাশি নগরীর দেয়াল, সড়ক ও স্থাপনাগুলোতে যে পরিবর্তন এসেছে, তা ইতোমধ্যে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তবে সফর উপলক্ষে শুরু হওয়া সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার উদ্যোগ কতটা স্থায়ী হয়, এখন সেটিই দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.