নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ মেস নাইট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলের লেকচার গ্যালারিতে উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (হিট) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষকদের কর্মজীবনকে সমৃদ্ধ করে। এ ধরনের আয়োজন শিক্ষকসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে অবদান রাখার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষণের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের কোর্স পরিচালক এবং বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য দেন।
এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যে অনুষ্ঠানটি আনন্দঘন ও স্মরণীয় হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.