আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) উপজেলার ক্যাশবপাড়া নূরানী মডেল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ তুলে দিয়ে এ সবক প্রদান করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা ফিল্ড সুপারভাইজার আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিক গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। শিশুদের ছোটবেলা থেকেই কুরআন শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা কমবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত কুরআন শিক্ষা চর্চা এবং তা দৈনন্দিন জীবনে প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, আত্রাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এবাদুর রহমান প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবুল হোসেন, হাফেজ আব্দুর রাজ্জাক, স্থানীয় ব্যক্তি খয়বর আলী ও আব্দুল জলিল এবং কেন্দ্র শিক্ষক মুফতি মহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শুটকিগাছা বাজার মসজিদ, ক্যাশবপাড়া উত্তরপাড়া মসজিদ ও ক্যাশবপাড়া পশ্চিমপাড়া মসজিদ কেন্দ্রের ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান।
শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.