খুলনা প্রতিনিধি
নির্বাচনের পর প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে বেলা ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনা নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁকে বরণ করে নিতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। রূপসার কুদির বটতলা থেকে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। নগরীর বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, মোংলা বন্দরসহ খুলনা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দৃষ্টিনন্দন গ্রাফিতি। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর ও উদ্বোধনী আয়োজনের বিস্তারিত তুলে ধরেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম খুলনা সফর। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সামনে পেশাদার ক্রীড়াবিদ হওয়ার সম্ভাবনাও উন্মুক্ত হবে।
হুইপ আরও বলেন, বন্ধ মিল-কারখানা চালু, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিসহ খুলনার উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে ১০টি ইভেন্টে অংশ নিতে অনলাইনে প্রায় ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন। তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে ক্রীড়াঙ্গনে এগিয়ে নেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
তিনি আরও জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছর এক হাজার ইউনিয়নে মাঠ তৈরির কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা চলছে। পাশাপাশি খুলনা বিভাগীয় ও জেলা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নেও কাজ হাতে নেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধানমন্ত্রীর সফর, নগরীর সাজসজ্জা, নিরাপত্তা প্রস্তুতি ও উদ্বোধনী আয়োজন ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা এখন খুলনাজুড়ে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.