ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পৌর সদরের কাঁচাকাটিয়া সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার বিভিন্ন অনিয়ম ও অসংগতির প্রতিবাদ করায় একটি কুচক্রী মহল আব্দুর রাশিদকে হত্যার হুমকি দিয়ে আসছে। তাঁকে নিরাপত্তা দিতে এবং হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
আব্দুর রাশিদ বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সমালোচনা করছে। এসব বিষয় গুরুত্ব না দেওয়ায় তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে তাঁর আশঙ্কা। এরই অংশ হিসেবে গত ২৪ জুলাই ও ২২ অক্টোবর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় বুধবার ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ১৯২।
মানববন্ধন থেকে স্থানীয় বাসিন্দারা হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, যুবদল নেতাকে হত্যার হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হুমকিতে ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। হুমকিদাতাকে শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.