ফেনী প্রতিনিধি
ছোট ফেনী নদীতে বিলীন হওয়ার প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও পুনর্নির্মাণ হয়নি সোনাগাজীর কাজীর হাট স্লুইসগেট। এতে সোনাগাজী, কোম্পানীগঞ্জ ও দাগনভূঞা উপজেলার মানুষের যোগাযোগ, কৃষি ও স্বাভাবিক জীবনযাত্রায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে নদী পারাপারের একমাত্র ভরসা একটি নৌকা। এ অবস্থায় দ্রুত সেতু অথবা নতুন স্লুইসগেট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬১ সালে জলোচ্ছ্বাস ও লবণাক্ত পানির ক্ষতি থেকে কৃষিজমি রক্ষা এবং তিন উপজেলার মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে ছোট ফেনী নদীর ওপর ২০ ভেন্টবিশিষ্ট কাজীর হাট স্লুইসগেট নির্মাণ করা হয়। কিন্তু ২০০২ সালে জোয়ারের পানির প্রবল চাপে গেটটি নদীতে বিলীন হয়ে যায়। এরপর প্রায় দুই যুগ পার হলেও নতুন স্লুইসগেট কিংবা সেতু নির্মাণ করা হয়নি।
বর্তমানে নদী পারাপারে তিন উপজেলার মানুষের একমাত্র ভরসা একটি নৌকা। অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুধু যোগাযোগব্যবস্থাই নয়, স্লুইসগেটটি বিলীন হওয়ার পর নদীভাঙনে হারিয়ে গেছে বহু ফসলি জমি ও বসতবাড়ি। নদীর দুই পাশে রয়েছে দুটি গুচ্ছগ্রাম, একাধিক মসজিদ, স্কুল ও মাদরাসা। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্লুইসগেট ও সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেও কোনো কার্যকর প্রতিকার মেলেনি। তাঁদের দাবি, শুধু যোগাযোগব্যবস্থা নয়, নদীশাসন ও কৃষিজমি সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত আধুনিক স্লুইসগেট অথবা উপযুক্ত সেতু নির্মাণ করতে হবে।
চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি নিয়ে তিন উপজেলার বাসিন্দারা বহু আন্দোলন-সংগ্রাম করেও কোনো প্রতিকার পাননি। বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে সেতু কিংবা রেগুলেটর নির্মাণের আশ্বাস দিয়েছেন।
প্রায় দুই যুগ ধরে একটি নদী পারাপারে নৌকার ওপর নির্ভরশীল তিন উপজেলার মানুষ। স্থানীয়দের প্রশ্ন, কবে শেষ হবে তাঁদের এই দুর্ভোগ, কবে বাস্তবায়িত হবে দীর্ঘদিনের দাবি?
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.