
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মাদকের টাকা না পেয়ে আফসার শেখ (৬৫) নামে এক কৃষক বাবাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাঁর ছেলে খায়রুল শেখ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফসার শেখ ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খায়রুল শেখ মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবাকে শারীরিক নির্যাতন করতেন। বৃহস্পতিবার দুপুরে নেশার টাকা চেয়ে বাবার কাছে চাপ দেন তিনি। আফসার শেখ টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ঘরে ঢুকে ধারালো বটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপান খায়রুল। এতে গুরুতর আহত হন আফসার শেখ। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সায়াদুল্লাহ হিমেল তাঁকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত খায়রুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.