কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ছয় সন্তানকে লালন-পালন করে বড় করেছেন। জীবনের ৯৫টি বছর কাটিয়েছেন পরিবার ও সন্তানদের জন্য পরিশ্রম করে। অথচ জীবনের শেষ প্রান্তে এসে বাড়ির পাশের একটি গাছতলায় আশ্রয় নিতে হয়েছিল হাজী শামসুল হক মোল্লাকে। সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর দুরবস্থার খবর নজরে আসার পর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে বৃদ্ধ শামসুল হক মোল্লার বাড়িতে যায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তাঁরা বৃদ্ধের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবনযাপনের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর হাতে উপহার তুলে দেওয়া হয়।
জানা গেছে, বৃদ্ধের দুরবস্থার খবরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সাক্ষাৎ শেষে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রধানমন্ত্রী বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন। সরেজমিনে এসে তাঁরা জানতে পেরেছেন, তাঁর ছেলেরা তাঁকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
তিনি আরও বলেন, একজন প্রবীণের সম্মানজনক জীবনযাপন ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবারের পাশাপাশি সমাজেরও মানবিক দায়িত্ব।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯৫ বছর বয়সী শামসুল হক মোল্লা জীবনের দীর্ঘ সময় পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছেন। সম্প্রতি নিজের জমিজমা ছয় সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পর তিনি পারিবারিক অবহেলা ও আশ্রয়সংকটে পড়েন। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে বসতবাড়ির পাশের একটি গাছতলায় আশ্রয় নেন। তাঁর এমন অবস্থার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।
এদিকে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন জানান, বৃদ্ধ বাবার গাছতলায় আশ্রয় নেওয়ার খবর পেয়ে তিনি পরিবারের সঙ্গে কথা বলে তাঁকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে একটি প্রতিনিধি দল শামসুল হক মোল্লার বাড়িতে এসেছিল বলেও তিনি জানতে পেরেছেন। তবে প্রতিনিধি দলের কেউ তাঁর সঙ্গে দেখা করেননি বা যোগাযোগ করেননি।
এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ ও শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.