কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের ১৬১টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। এসব হাঁস-মুরগি পালন করে বাড়তি আয় ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সুবিধাভোগীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমি স্কুল মাঠে এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়। এর মধ্যে ৭৫ জনকে ২১টি করে মুরগি এবং ৮৬ জনকে ২৫টি করে হাঁস দেওয়া হয়েছে। গোপালপুর ও টগরবন্দ ইউনিয়নের চরাঞ্চলের নির্বাচিত পরিবারগুলো এ সহায়তা পেয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, হাঁস-মুরগি পালনের মাধ্যমে অসহায় পরিবারগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, সঠিক পরিচর্যা ও রোগবালাই প্রতিরোধের মাধ্যমে হাঁস-মুরগি পালন আয়ের অন্যতম উৎস হতে পারে। এ জন্য তিনি প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
হাঁস-মুরগি পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, এ সহায়তা সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে। হাঁস-মুরগিগুলো যত্নসহকারে লালন-পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.