
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় এক গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কালু মিয়া বেপারী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কালু মিয়া বেপারী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মান্দারতলা গ্রামের আহমদ আলীর ছেলে।
জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী মালয়েশিয়া প্রবাসী। সেখানে একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে তার স্বামীর সঙ্গে কালু মিয়ার পরিচয় হয়। সেই সূত্রে প্রায় এক বছর আগে কালু মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তীতে ফোনে কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে কালু মিয়া ওই নারীকে ভিডিও কলে আসতে চাপ দেন। এতে রাজি না হলে তার স্বামীকে মালয়েশিয়ায় হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। পরে ভিডিও কলে কথা বলার সময় কৌশলে তার অশ্লীল ভিডিও রেকর্ড করে রাখেন। এরপর ধারণ করা ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই নারীর আত্মীয়-স্বজনের কাছে সামাজিক যোগাযোগ- মাধ্যমে অশ্লীল ভিডিও ও ছবি ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মান্দা থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(২) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানায়, মামলার পর মান্দা থানা পুলিশের একটি দল ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় এই ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.