নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গবেষণা কার্যক্রম জোরদারে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ট্রাম্প সেন্টারে’ জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ফর পিস (ইউপিসি) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান কোডার্সট্রাস্টের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ইউনিভার্সিটি ফর পিসের ডিন অধ্যাপক মিহির এবং কোডার্সট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ।
চুক্তির আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা ব্যবস্থাপনা, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা উন্নয়নের মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি কর্মমুখী শিক্ষা, শান্তিশিক্ষা, ক্যারিয়ার পরামর্শ এবং পেশাগত দক্ষতা উন্নয়নেও যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান তিনটি।
সমঝোতা অনুযায়ী, অনলাইন, অফলাইন ও ব্লেন্ডেড পদ্ধতিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া স্বল্পমেয়াদি ও সনদভিত্তিক কোর্স চালু, পাঠ্যক্রম উন্নয়ন, যৌথ গবেষণা, তথ্য বিনিময়, আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা আয়োজন করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের আধুনিক ডিজিটাল দক্ষতা, মানবাধিকার, শান্তিশিক্ষা ও সংঘাত নিরসন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সহযোগিতা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি ফর পিস কোস্টারিকাভিত্তিক একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। শান্তি, সংঘাত নিরসন ও টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষা ও গবেষণা পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.